রিয়াল মাদ্রিদে বিধ্বস্ত ইন্টার মিলান
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:২৭
স্প্যানিশ ফুটবল লিগ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রে বেশ কটি প্রীতি ম্যাচ খেলতে আসা রিয়াল মাদ্রিদ অপরাজিত থেকেই সফরটি শেষ করলো। সর্বশেষ গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কোচ কার্লো অ্যানচেলোত্তির দলটি ৩-০ গোলে হারায় ইতালির ইন্টার মিলানকে। গোল করেন কাকা, রোনালদো। অপরটি আসে আত্মঘাতী গোল থেকে।
আগামী রবিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম খেলা পড়েছে রিয়াল বেটিসের সাথে। এ পর্যন্ত অ্যানচেলোত্তির দল যে কটি প্রীতি ম্যাচ খেলেছে তাতে বিপক্ষের চাইতে শ্রেয়তর ফুটবল খেলেছে দলটি। সে কারণেই নিজেদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে দলটির প্রস্তুতি খুবই ভাল হয়েছে।
চলতি মাসের মাঝামাঝি ইউরোপের অধিকাংশ লিগগুলো শুরু হয়ে যাবে। জার্মানির বুন্দেশলিগা তো এরই মধ্যে শুরু হয়ে গেছে। সঙ্গত কারণেই শুরু না হওয়া লিগগুলোর ক্লাবগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এবং এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইতালির দল দুটি।
রিয়াল মাদ্রিদ শুরু থেকেই প্রতিপক্ষকে চাপিয়ে খেলতে থাকে। ফলে ১১ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় স্পানিশ দলটি। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সহায়তায় ইন্টার মিলানের জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা কাকা।
এরপর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। তবে দ্রুত ডিফেন্সকে গুছিয়ে নিয়ে রিয়ালের আক্রমণগুলো ভেস্তে দেয় ইন্টার মিলান। কিন্তু বেশিক্ষণ বিপক্ষকে আটকিয়ে রাখতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। ৩৮ মিনিটে নিজেই গোল করেন রোনালদো। ফলে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যানচেলোত্তির দল।
বিরতির পর মাঠে এসে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিলান। কিন্তু কোনভাবেই রিয়ালের ডিফেন্সে ফাটল ধরাতে পারছিল না তারা। আর গোলের ব্যবধান বাড়াতে মুখিয়ে ছিল রিয়ালও। তবে স্পানিশদের মনোবাসনা পূরণ করে ইতালিয়রাই।
৬৮ মিনিটে রিকার্ডো গ্যাবরিয়াল আলভারেজের আত্মঘাতী গোলে ৩-০ গোলের অগ্রগামিতা পায় রোনালদো বাহিনী। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের এমন সহজ জয়ে বেশ খুশি নতুন কোচ, ‘এই দল ও দলের খেলোয়াড়দের জন্য আমি গর্বিত। তারা খুবই ভালো খেলেছে। প্রত্যক খেলোয়াড়ের ফুটবল দক্ষতা অনেক বেশি। প্রত্যকটি প্রীতি ম্যাচেই তারা উন্নতি করছে। এই ম্যাচেও খেলোয়াড়দের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। তাই দলের পারফরমেন্সে আমি বেশ খুশী।’ -বাসস