অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টুর্নামেন্ট
লড়ছে বাংলাদেশ তরুণরা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:২৯
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর। এই ঈদের ছুটির মাঝে আরও দুটো ম্যাচ খেলে জয়-পরাজয়ের পাল্লাটা সমান করে ফেলেছিল যুব দল; ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসেছিল পরাজয়। গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত আরেকটি জয়ের জন্য লড়ছে বাংলাদেশ যুব দল।
কিবওর্থ ক্রিকেট ক্লাব মাঠে গতকালকের ম্যাচে অবশ্য জয়ের মতো বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে অলআউট হয়েছে তারা ১৪৯ রানে। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ১৯ রান করেছে পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক মোসাদ্দেক বা সাদমান, কেউই গতকাল বলার মতো ইনিংস খেলতে পারেননি। শুধু প্রথম থেকে ধারাবাহিকভাবে রান করতে থাকা নাজমুল হোসেন শান্ত গতকাল ৪৬ রানের ইনিংস খেলেছেন। সঙ্গে মোসাদ্দেকের ২৫ ও শাহরিয়ারের ২২ রান মিলিয়ে ৪৩.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৯ রান করতে পেরেছে বাংলাদেশ।
শান্ত এ পর্যন্ত চার ম্যাচে যথাক্রমে ৩০, ১৩*, ১৬ ও ৪৬ রান করেছেন।
বাংলাদেশ অবশ্য সবচেয়ে সফল ম্যাচটা খেলতে পেরেছে মোসাদ্দেক ও সাদমানের বদৌলতে। ইংল্যান্ডকে হারানো সে ম্যাচে মোসাদ্দেক ১১০ ও সাদমান ৮৬ রানের ইনিংস খেলেছিলেন। ৭ আগস্ট এই দু’জনের ওপর ভর করে আগে ব্যাট করে ২৮৬ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেকেরই ৩৮ রানে ৩ উইকেট এবং পেসার রিফাত প্রধানের ৩ উইকেট শিকারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। বাংলাদেশ পেয়েছিল ৩৮ রানের জয়।
এরপর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের তৃতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশ আর এই দাপটটা ধরে রাখতে পারেনি তরুণরা। জসিমউদ্দিনের ৫০ ও সাদমানের ৪৬ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে ১৯২ রান করেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের অধিনায়ক-ওপেনার সামি আসলামের ১২০ রানের অপরাজিত ইনিংসের ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশ-অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় এই টুর্নামেন্টে টানা খেলার মধ্যে থাকা যুবারা গতকাল চতুর্থ ম্যাচ খেলে ফেলার পর আজ পঞ্চম ম্যাচে আবার মুখোমুখি হবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের।