নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনএসসি ও বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এখন ইস্যুর অন্ত নেই—আকসু রিপোর্ট, প্রিমিয়ার লিগ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তবে এসবের মধ্যেই তাদেরকে বড় একটা প্রস্তুতি নিতে হচ্ছে নির্বাচন নিয়ে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ বা ফোরামের কঠোর বিরোধিতার সম্ভাবনা মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিসিবি। এদিকে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব আইনি পদক্ষেপ নেয়ার দরকার, তাও শুরু করে দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজই তারা নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে এনএসসি চেয়ারম্যান, ক্রীড়াপ্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বরাবর ফাইল পাঠাবে। ঈদের আগেই জানানো হয়েছিল, ছুটির পর সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোর কাছে কাউন্সিলর চেয়ে চিঠি দেবে বিসিবি। গতকাল বিসিবি সূত্রে জানা গেল চলতি সপ্তাহের মধ্যে এই চিঠি দেয়ার কাজটি শেষ হবে। চিঠির কাজ প্রস্তুত বলেই ইঙ্গিত দিলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘আমরা দু একদিনের মধ্যে চিঠি দেব। এ ব্যাপারে যেসব অফিশিয়াল কাজ থাকে, সেগুলো আমরা শেষ করে ফেলেছি।’ এদিকে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানো ছাড়া নির্বাচনের মূল কাজটা এনএসসির নির্বাচন কমিশনকেই করতে হবে। গতকাল এনএসসির ক্রীড়া পরিচালক হাইয়ুল কাইয়ুম জানালেন, সেই কমিশন গঠনের লক্ষ্যে আজ তারা চেয়ারম্যানের বরাবর ফাইল পাঠাবেন। আর কমিশন গঠন হয়ে গেলে নির্বাচনের তারিখ থেকে শুরু করে সবকিছু ওই কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন।