বিনোদনের জায়গা নেই তাই রেল লাইনের ধারেই ........
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৩৯
স্বাধীনতার ৪২ বছরেও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে গড়ে উঠেনি কোন বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্র গড়ে না উঠায় ঈদ উত্সব ও পূজা পার্বণ এলে কর্মস্থল থেকে ছুটিতে আসা বিনোদন প্রেমিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সময় কাটান ট্রেন লাইনের ধারে।
এবারের ঈদ উত্সবেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। হাজার হাজার বিনোদন প্রেমি উত্সবে মেতে উঠেছিল মির্জাপুর উপজেলার উপর দিয়ে বয়ে চলা রেল লাইনের দুই পাশে। ট্রেন আসার ঝুঁকির মধ্যেও তাদের উত্সাহ, উদ্দীপনার কোন কমতি ছিল না।
গত তিন দিন ধরে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত হাজার হাজার মানুষের ঢল নেমেছিল মির্জাপুর উপর দিয়ে যাওয়া রেল লাইনের ৩০ কিঃমিঃ এলাকা জুড়ে। গত শনিবার হাজার হাজার মানুষের সেই মিলন মেলা উপলক্ষে সেখানে বসেছিল বিভিন্ন মেলার আয়োজন।
মির্জাপুর, ডোকলাহাটি ও মহেড়াসহ প্রতিটি এলাকাতেই বসেছিল মেলার আয়োজন। মেলায় বিক্রি হয় মাটি ও প্লাস্টিকের খেলনাসহ বিভিন্ন পসরা। শিশু কিশোর, তরুণ তরুণী ও নানা বয়সের মানুষ মেলায় আসে। দর্শনার্থীদের বিনোদন দিতে বাড়তি আকর্ষণ ছিল সংগীত শিল্পী জহিরুলের গান। রেল লাইনের উপর গানের মজমা বসে। তরুণ তরুণী এবং শিশু কিশোররা নেচে গেয়ে আনন্দ করে। সৃষ্টি হয় অন্য রকম এক পরিবেশের।
বেড়াতে আসা তরুণী রেশমা, ময়না ও লাবনী অভিযোগ করে বলেন, মির্জাপুর উপজেলা একটি সমৃদ্ধশালী উপজেলা হলেও এখানে কোন পার্ক বা বিনোদন কেন্দ্র আজও গড়ে উঠেনি। এখন এই রেল লাইনের ধারই তাদের বিনোদনের একমাত্র জায়গা।
এ ব্যাপারে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন বলেন, মির্জাপুরে সরকারিভাবে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করছি অল্প দিনের মধ্যেই এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠবে।