নেত্রকোনায় আন্তঃনগর ট্রেন চালু হলেও আসন কম

গত ১ আগস্ট থেকে রাজধানী ঢাকা থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত হাওর এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার যাত্রী সাধারণের জন্য দারুণ উপকার হলেও আসন স্বল্পতার কারণে সমস্যা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। বর্তমানে ১০টি বগিতে আসন সংখ্যা ৫২৩টি। প্রতিদিন যাত্রী চলছে তার দ্বিগুণ। রেলের আয়ের জন্য এটা সুখবর হলেও যাত্রীদের জন্য সুখবর নয়। কারণ তারা টিকেট পাচ্ছেন না। বিশেষ করে নেত্রকোনা জেলা শহর হলেও শহরের যাত্রীরা এই ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ শহরবাসীরাই আন্তঃনগর ট্রেনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন করছিল। নেত্রকোনার যাত্রীদের অভিযোগ, নেত্রকোনা রেল স্টেশন থেকে ঢাকা পর্যন্ত মাত্র ৪৪টি আসন দেয়া হয়েছে। আর প্রথম শ্রেণির আসন মাত্র ৬টি। অথচ নেত্রকোনায় প্রতিদিন কমপক্ষে একশত আসনের প্রয়োজন। আসন সংখ্যা কম থাকায় প্রতিদিন স্টেশন মাস্টারের সাথে যাত্রীদের ঝগড়া বিবাদ হচ্ছে। স্টেশন থেকে চাহিদা মত যাত্রীদের টিকেট দেয়া যাচ্ছে না বলে স্টেশন মাস্টারও স্বীকার করেছেন। যাত্রী সাধারণ নেত্রকোনা-ঢাকার জন্য আসন সংখ্যা একশতে উন্নীত করার দাবি জানিয়েছেন। এদিকে আন্তঃনগর ট্রেন চালু হলেও নেত্রকোনা রেল স্টেশনে টিকেট কাউন্টারে টিকেট বিক্রির লোক নেই। দুজন স্টেশন মাস্টারকেই এই কাজটি করতে হচ্ছে। ফলে স্টেশনের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন। টিকেট বিক্রির জন্য আধুনিক ব্যবস্থার পরিবর্তে হাতে লিখে টিকেট বিক্রি করা হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে কম্পিউটারাইজড টিকেট বিক্রির ব্যবস্থা করা প্রয়োজন বলে তারা জানান। ট্রেনের আগাম সংবাদ দেবার জন্য স্টেশনে মাইকিং সিস্টেম চালুরও দাবি উঠেছে।