রাজধানীতে ফিরছে মানুষ
সব যানবাহনেই উপচেপড়া ভিড়
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৪৬
ঈদের ছুটি শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আগামীকাল মঙ্গলবার থেকে জামায়াতে ইসলামীর ডাকে টানা ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি থাকায় অনেকেই তাড়াহুড়া করে ফিরে আসছেন ঢাকায়। সে কারণে ফিরতি যানবাহনগুলোতে যেমন মানুষের ভিড়, তেমনি সড়কপথের কোনো কোনো জায়গায় বেশ যানজটও সৃষ্টি হচ্ছে। বাইরের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকামুখি প্রতিটি ট্রেনই ফিরছে যাত্রীভর্তি হয়ে। আসনধারী যাত্রীর পাশাপাশি প্রায় সমানসংখ্যক দাঁড়ানো যাত্রীও ভ্রমণ করছে এসব ট্রেনে।
ফিরতি যাত্রীদের জন্য গত শনিবার থেকে ৫ দিনের বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার পর্যন্ত এই বিশেষ সেবা চলবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আবু তাহের। হরতালের মধ্যেও প্রতিটি ট্রেন সিডিউল অনুযায়ী চলাচল করবে বলে জানান তিনি।
এদিকে ঈদের ছুটির পর আবারও পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। তিনটি আন্ত:জেলা বাস টার্মিনাল, সদরঘাট নদীবন্দর ও কমলাপুর রেলস্টেশন থেকে দলে দলে মানুষ ঢুকছে নগরীতে। তিনদিনের ঈদের ছুটির পর গতকাল রবিবার সরকারি অফিস এবং বিচার বিভাগের দফতরগুলো খোলা ছিল। তবে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে উপস্থিতি ছিল অর্ধেকেরও কম। যারা এসেছিলেন, তাদের সময় কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গল্প করে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন কর্মকর্তা জানান, ঈদ করতে শেরপুরে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ইচ্ছে ছিল আরও অন্তত দু্ইদিনের ছুটি নিয়ে তারপর মঙ্গলবার ঢাকায় ফিরবেন। কিন্তু ১৩ তারিখ থেকে টানা ৪৮ ঘন্টার হরতালের কারণে সেই ঝুঁকি আর নেননি। পরিবারের অন্য সদস্যদের গ্রামের বাড়িতে রেখে শনিবার রাতে একাই ফিরে এসেছেন। তার মতো আরও অনেকেই হরতালের কারণে তড়িঘরি করে ঢাকায় ফিরেছেন।
রবিবার দুপুরে ঢাকার গাবতলী এসে পৌঁছেছেন ঝিনাইদহ-কালীগঞ্জের রুহুল আমীন। তিনি জানান, একটি বেসরকারি বীমা কোম্পানিতে চাকরি করার কারণে ঈদের ছুটির পর আর অতিরিক্ত ছুটি পাননি। তাই অনেক কষ্টে একটি টিকিট যোগাড় করে রাজধানীতে ফিরে এসেছেন। পথে দৌলতদিয়া ঘাটে যানজটের কবলে পড়তে হয়েছিল। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনেও অনেকক্ষণ আটকা থাকতে হয় যানজটের কারণে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানেও গতকাল কমবেশি যানজট ছিল বলে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ ট্রাক ওনার্স এসোসিয়েশন সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সড়কপথ ও রেলপথের মতো নৌপথেও দলে দলে মানুষ রাজধানীতে ফিরে আসছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চগুলো যাত্রী বোঝাই হয়ে সদরঘাট নদীবন্দরে এসে ভিড়ছে। লঞ্চ মালিকদের পূর্বঘোষণা অনুযায়ী শনিবার থেকেই সকাল-সন্ধ্যা দুই বেলা ট্রিপ দিচ্ছে অধিকাংশ লঞ্চ। তবে হরতালের মধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।