অগণতান্ত্রিক শক্তির ব্যাপারে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অগণতান্ত্রিক শক্তি যেন দল ও মতের ভিন্নতার সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রে দল ও মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক, এজন্য এই মতপার্থক্য গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং এর সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কোন অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তিনি রবিবার সকালে তাঁর কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের ভোট ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কঠোর প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমরা চাই জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে’ উল্লেখ করে তিনি বলেন, বিগত সাড়ে ৪ বছরে অনুষ্ঠিত ৫ হাজার ৬৯১টি নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে তাঁর দলের এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে।
শেখ হাসিনা নবনির্বাচিত জিসিসি মেয়র ও কাউন্সিলরদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে একযোগে কাজ করার মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নে নিজেদের নিয়োজিত করে জনগণের জীবনযাত্রা স্বস্তিকর করার আহ্বান জানান। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আসুন এদেশ যেন মাথা উঁচু করে আরো এগিয়ে যেতে পারে, এলক্ষ্যে একসঙ্গে কাজ করি।’
এর আগে শেখ হাসিনা জিসিসি’র প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে শপথবাক্য পাঠ করান এবং এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংরক্ষিত আসনে নির্বাচিত ১৯ জন মহিলা কাউন্সিলরসহ ৭৬ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল ফল মিষ্টি প্রেরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে শুক্রবার পঙ্গু মুক্তিযোদ্ধাদের কাছে ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, সাইফুজ্জামান শিখর এবং সহকারী প্রেস সচিব নূরে-ই-এলাহী মিনা এ সকল জিনিস মোহাম্মদপুরের পঙ্গু মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। মুক্তিযোদ্ধাগণ তাঁর মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।