মহাখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৪৮
রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঈদের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। তবে পুলিশ বলছে, মহাখালীর সাততলা বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে মিলন গ্রুপের ক্যাডার বাহিনী এ হত্যাকাণ্ড ঘটায়। গতকাল রবিবার পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাততলা বস্তি (স্টাফ বস্তি) এলাকায় নিজের দোকানে বসেছিলেন রফিকুল ইসলাম। ইফতারের আগ মুহূর্তে কয়েকজন সন্ত্রাসী গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর সদরে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিরীন বেগম বৃহস্পতিবার রাতেই ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।
মাদক ব্যবসায়ীর হাতে
হামলায় পুলিশ আহত
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার মানিকদী বাজারে বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এএসআই আহত হয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি সিরাজুল ইসলাম খান জানান, বেলা ১২ টার দিকে মানিকদী বাজারে রিকশায় এক বস্তা ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তল্লাশি করার কথা বললে মাদক ব্যবসায়ী রিকশা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ রিকশাটি আটক করার চেষ্টা করলে কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশ চাঁদা দাবি করছে এমন মন্তব্য করে বাজারের সাধারণ জনতাকে জড়ো করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ও জনতা পুলিশের ওপর হামলা চালায়।