পাকস্থলীর আলসার নিরাময়ে স্ট্রবেরী
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৪৮
পাকস্থলীর আলসার অথবা পাকস্থলীর প্রদাহ (গ্যাস্ট্রাইটিস) নিয়ে নানা চিকিত্সা রয়েছে। পেটে ব্যথা হলেই এন্টাসিড ট্যাবলেট, সিরাপ সেবনের পাশাপাশি র্যানিটিডিন, ওমিপ্রাজল, প্যান্টোপ্লাজলসহ নানা ওষুধ রয়েছে। এসব ওষুধেই যে পেটের আলসার নিরাময় হবে এমন নয়। তবে সম্প্রতি বিজ্ঞানীরা পেটের আলসার নিরাময়ে তাজা স্ট্রবেরী খাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যান্য আলসারের পাশাপাশি অতিরিক্ত মদ্যপানজনিত কারণে সৃষ্ট আলসার নিরাময়ে স্ট্রবেরী খুবই উপকারী। পাবলিক লাইব্রেরী সায়েন্স জার্নালে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়। স্ট্রবেরীর মধ্যে উপকারী এন্টিঅক্সিডেন্টের আধিক্য আলসার হিলিং-এ সহায়ক। স্ট্রবেরী শুধু নতুন আলসারই নিরাময় করে তাই নয়, পুরান আলসারের কারণে কোন ক্ষত হয়ে থাকলে তারও নিরাময়ে সহায়তা করে এই এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হিতকরি ফলটি। বিশেষজ্ঞদের মতে মদ্যপান, ভাইরাল ইনফেকশন ও এসপিরিন জাতীয় ওষুধ সেবন থেকে পাকস্থলীর আলসার হতে পারে। স্ট্রবেরী এসব আলসারে প্রাকৃতিকভাবে সহায়তা করতে পারে। তবে স্ট্রবেরী খাওয়ার আগে ফ্রেস কিনা দেখে নেবেন এবং ভাল করে পরিষ্কার করে ধুয়ে নেবেন।
এদিকে, আশার কথা বাংলাদেশে এখন স্ট্রবেরী চাষ হচ্ছে। দাম বেশি হলেও দেশেই পাওয়া যাচ্ছে এই হিতকর স্ট্রবেরী।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ