নান্দাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও এলাকা থেকে গত শনিবার সকালে তামান্না আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। তামান্না ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী। ওই দম্পতির আপন (৬) ও পলক (৪) নামে দু’টি মেয়ে রয়েছে। লাশ উদ্ধারের সময় গৃহবধূর স্বামী-বোনের বাড়িতে ছিলেন বলে স্থানীয় লোকজন সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, তামান্না উপজেলার আচারগাঁও ইউপির চানপুর গ্রামের মৃত মতিউর রহমানের কন্যা। গত ছয় বছর আগে তার বিয়ে হয়। গৃহবধূর মা ফেরদৌসি আক্তার (৫০) জানান, এক বছর আগে তার মেয়ে প্রায় সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার হারিয়ে ফেলে। এ নিয়ে তামান্নার সাথে তার স্বামী হাসেমের দ্বন্দ্ব চলছিল। তিনি আরও বলেন, ঈদের দিন রাতে ওই এলাকার পৌর কাউন্সিলর মো. গোলাম আহম্মদ খান মুঠোফোনে তাকে জানান তামান্না গলায় ফাঁস দিয়েছে। তখন তিনি সিলেটে তার ছেলের বাসায় অবস্থান করছিলেন। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছাত্তার বলেন, গৃহবধূর লাশ বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহে কোন জখমের দাগ পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।