বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:০৪
সিদ্ধিরগঞ্জে একটি কারখানায় ইটিপি প্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- জসিমউদ্দিন (৪২) ও শহিদুল ইসলাম (৩৮)। ঘটনাটি ঘটেছে রবিবার গোদনাইলের চৌধুরীবাড়ীর জেলেপাড়া বর্ণালী টেক্সটাইল এন্ড প্রিন্টিং কারখানায়।
হারুন-অর-রশিদের মালিকানাধীন রপ্তানিমুখী বর্ণালী টেক্সটাইল এন্ড প্রিন্টিং কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। রবিবার জসিমউদ্দিন ও শহিদুল ইসলাম নামে দুইশ্রমিক কোন প্রতিরোধ ব্যবস্থা না নিয়ে কারখানার ইটিপি প্লান্ট পরিষ্কার করতে ভেতরে নামে। এ সময় প্লান্টের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে জসিমউদ্দিন ও শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জামাল হোসেন জানায়, দুই শ্রমিক মুখে মাক্স ব্যবহার না করে ইটিপি প্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। নিহত জসিমউদ্দিনের পিতার নাম নজরুল ইসলাম। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার চানগাছা গ্রামের। শহিদুল ইসলামের পিতার নাম মকবুল হোসেন। গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর চেররী গ্রামে।