আওয়ামী লীগের বিবাদ

পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়নে ১৪৪ ধারা জারি

জেলা সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল রবিবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই স্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ইউনিয়নের দশ মাইল এলাকায় জামিয়াতুল কোরআন নুরানী মাদ্রাসা মাঠে গতকাল উভয়পক্ষ সমাবেশ ডাকে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের নেতৃত্বাধীন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করেছেন, তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা মাঠে সমাবেশ ঘোষণা করেন। কিন্তু পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল হক প্রধানের নেতৃত্বে গঠিত সদর উপজেলা আওয়ামী লীগের অপর গ্রুপটি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সম্ভাব্য সংঘর্ষের আশংকায় গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই মাদ্রাসা মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।