আশুলিয়ায় কর্মকর্তা-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

সাভারের আশুলিয়ায় নির্দিষ্ট সময়ে বেতন ও বোনাস পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে তৈরি পোশাক শ্রমিক ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল দুপুরে টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেডার্স লিমিটেড নামক একটি কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে বেতন পরিশোধে বিলম্ব করে। তাই গত কয়েকদিন ধরেই সময়মতো বেতন ও ওভারটাইম পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাইলেও এখনও আলোচনায় বসেনি। বাধ্য হয়ে শ্রমিকরা গত সোমবার এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে মালিকপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই রাতে পুলিশ বেশ কিছু শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তার কাছে থানায় অভিযোগের বিষয়ে জানতে চায়। এসময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাভারে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিসহ বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মবিরতি পালনসহ বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে কলমা এলাকার সেঞ্চুরী গার্মেন্টস ও জামগড়ার শিমুলতলা এলাকার মদিনা সোয়েটার কারখানায় এ কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে কলমা এলাকার সেঞ্চুরী গার্মেন্টস এর শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় প্রবেশ করলেও কাজ না করে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ না করা পর্যন্ত কাজে যোগদান করবে না বলে দাবিতে অনড় থাকেন। অভিযোগের বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার এস এম খোকনের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নারায়ণগঞ্জ: ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় প্যারাডাইজ ক্যাবলের শত শত শ্রমিক পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জে লিংকটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গাড়ি চলাচল বন্ধ থাকে। এ সময় বাস যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। ওসির আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।