সরকারের বিলবোর্ড রাজনীতি চর দখলের মত :বি.চৌধুরী
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:৩৯
বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, এ সরকার বিলবোর্ডের যে রাজনীতি শুরু করেছে তা চর দখলের মত ঘটনা। এর জন্য সরকারের উচিত ক্ষমা প্রার্থনা করে বিলবোর্ড মালিকদের ক্ষতিপূরণ দেয়া। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। বি. চৌধুরী বলেন, চর দখলের মতো রাজধানীর সব বিলবোর্ড দখল করে নিজেদের সত্য-মিথ্যা জানানোর বাহাদুরি সরকারের উচিত হয়নি। অপর এক বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক এডভোকেট আদিলুর রহমান খানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করে বলেন, তাকে গ্রেফতার করা উচিত হয়নি। বড়জোর তার বিরুদ্ধে মামলা করা যেত। এই ঘটনাকে আমি মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করি।