রামপুরায় স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর রামপুরায় গতকাল রবিবার আজিমুন্নাহার (৩৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সেলিম রেজাকে রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে। রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খানা জানিয়েছেন, সেলিম রেজা তার স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, সেলিম রেজা সপরিবারে রামপুরা বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর সড়কের ২৬ নম্বরের নিজ বাড়ির দোতলায় থাকতেন। সেলিম ছয়তলা ঐ বাড়ির মালিক। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেলিম রেজার সঙ্গে স্ত্রী আজিমুন্নাহারের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেলিম রেজা পুলিশের কাছে জানিয়েছেন, একপর্যায়ে আজিমুন্নাহার রান্নাঘর থেকে ছুরি এনে তাকে আঘাত করতে যান। এ সময় তিনি ছুরি কেড়ে নিতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি তার স্ত্রীর পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে আজিমুন্নাহার মারা যান। রামপুরা থানার ওসি জানান, ঘটনার পর বাসা থেকে রক্তমাখা ছুরিসহ সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঘটনার পর আজিমুন্নাহারের ভাই বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেছেন।