শ্রীলঙ্কায় মসজিদে বৌদ্ধদের হামলায় আহত ১২
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:৪২
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি মসজিদে বৌদ্ধদের হামলায় ১২ জন আহত হয়েছে। রাজধানী কলম্বোর গ্রান্ডপাস এলাকার একটি মসজিদে শনিবার এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রবিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে কারফিউ প্রত্যাহার করা হয়। খবর এনডিটিভির।
বৌদ্ধদের হামলায় কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। একজন মুসলমান অধিবাসী জানান, শুক্রবার মাগরিবের নামাজ পড়ার সময় বৌদ্ধরা মুসল্লিদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। ওই এলাকার বৌদ্ধ মন্দিরে ঘণ্টাধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গে কয়েক ডজন ব্যক্তি মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করে। এতে দুজন পুলিশসহ ১২ জন আহত হয়।
রাতব্যাপী সহিংসতার প্রেক্ষাপটে দাঙ্গা বিরোধী স্কোয়াড, এলিট স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডোসহ ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মসজিদটি সরিয়ে নেয়ার দাবিতে গত মাসেও একদল বৌদ্ধ এ এলাকায় বিক্ষোভ করেছে।
মুসলমানরা বলছেন, শ্রীলঙ্কার ধর্ম মন্ত্রণালয় তাদরেকে এই মসজিদ ব্যবহারের অনুমতি এবং সম্ভাব্য হামলার আশংকায় বিশেষ নিরাপত্তা দিয়েছে। সমপ্রতি কিছু বৌদ্ধ শ্রীলঙ্কার মুসলমান ও খ্রিস্টানবিরোধী তত্পরতা শুরু করেছে।