সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদিলুর রহমান গ্রেফতার হয়েছেন :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আদিলুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে অন্য মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলে সরকার কী করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকারের নামে অন্যের অধিকার হরণ করা অপরাধ। যেসব দেশ মানবাধিকার রক্ষায় উচ্চকণ্ঠ সেখানে এসব মেনে নেয়া হয় না। এ গ্রেফতার নিয়ে কেউ সোচ্চার হবে তা মনে করি না। তিনি বলেন, বরং আমরা মানবাধিকার রক্ষায় অনেক বেশী সচেতন। জামায়াতের ডাকা দুইদিনের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে হরতাল দেয়া আদালত অবমাননার শামিল। আদালতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা আদালত অবমাননা। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কীনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতই বিষয়টি দেখবে।