মোনালিসার খোঁজে বিজ্ঞানীরা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:৪৪
বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা সেই বিখ্যাত চিত্র মোনালিসার সন্ধানে ইতালির ফ্লোরেন্স শহরে কবর খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এজন্য তারা ইতালির ফ্লোরেন্স শহরে একটি সমাধিক্ষেত্র খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন। এ থেকেই রহস্যময়ী ওই নারীর খোঁজ মিলবে বলে আশা করছেন তারা। খোঁড়া হয়েছে সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা ঘেরারদিনির পরিবারের লোকদের কবর। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
লিওনার্দো দ্য ভিঞ্চি এই লিসা ঘেরারদিনিরই ছবি এঁকেছিলেন বলে ধারণা করা হয়। গত বছর ওই সমাধিক্ষেত্রটির কাছাকাছি এলাকা থেকে তিনটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালগুলোর সঙ্গে সর্বশেষ তোলা কঙ্কালের ডিএনএ মেলালে মোনালিসাকে শনাক্ত করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ছবির সেই মোনালিসার পরিচয় আর তার রহস্যময় হাসির কারণ নিয়ে ধাঁধা আজও কাটেনি। বিজ্ঞানীরা কবরের ওপরের দিকে গোল গর্ত খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা করছেন। আগে পাওয়া তিনটি নারীর কঙ্কালের ডিএনএ’র সঙ্গে সংগৃহীত ডিএনএ মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গবেষক ও লেখক সিলভানো ভিনসেটি।
১৫৪২ সালে লিসা ঘিরারদিনি মারা যান। কবরের কিছু হাড়হাড্ডি লিসার রক্তসম্পর্কের কারো বিশেষত, তার ছেলে পিয়েরোর হতে পারে বলে মনে করা হচ্ছে।