চোরের মানবতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:৪৪
মানবতার কারণে চুরি করা ছয়টি কম্পিউটার ফেরত দিয়েছে কয়েকজন চোর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটেছে। যৌন নির্যাতিতদের সেবায় নিয়োজিত একটি অফিস থেকে কম্পিউটারগুলো চুরি করা হয়। খবর সিএনএনের।
কম্পিউটার চুরি করার জন্য ক্ষমা চেয়ে একটি চিঠিও লিখেছে ওই চোরেরা। পুলিশ জানায়, গত ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো সেক্সুয়াল অ্যাসাল্ট অফিসের তালা ভেঙ্গে ছয়টি কম্পিউটার এবং একটি ল্যাপটপ চুরি করে কয়েকজন চোর। চুরির কয়েক ঘন্টা পর তারা ওই অফিসে আসে এবং কম্পিউটার ও ল্যাপটপ ফেরত দিয়ে যায়। একই সঙ্গে তারা একটি চিঠি লিখে রেখে চলে যায়। চিঠিতে লেখা ছিল, যৌন নির্যাতিতদের সেবা দেয়ার জন্য এগুলো ফেরত দেয়া হলো। আশা করি, আপনারা নির্যাতিতদের আরো বেশি সেবা দিবেন। অফিসের নির্বাহী পরিচালক ক্যান্ডি স্ট্যালিঙ্গস বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে, এ ধরনের ঘটনা ঘটতে পারে।