১৪৪ বছর পূর্তি

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী

১৪৪ বছরে পা দিল বগুড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে রবিবার আয়োজন করা হয় প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের। প্রতিষ্ঠালগ্নের কোন ছাত্রী বেঁচে না থাকলেও ১৯৫৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এসএসসি পাস করা ছাত্রীদের অনেকেই অংশ নেন এ মিলন মেলায়। রবিবার সকালে প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশনের পর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশাল এক কেক কেটে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।