মীরগঞ্জ-মুলাদী খেয়াঘাটের ইজারা পেলেন সর্বোচ্চ দরদাতা

বরিশাল অফিস

বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মীরগঞ্জ-মুলাদী খেয়াঘাটটি সিন্ডিকেটের কবলে পড়ে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারাতে বসেছিল। পহেলা বৈশাখে এ গুরুত্বপূর্ণ ঘাটটি নতুনভাবে ইজারা হওয়ার কথা থাকলেও কোটি টাকার স্থলে সিন্ডিকেট করে দেওয়া হয় ৪২ লাখ টাকা। জেলা পরিষদের পক্ষ থেকে ছয় বার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ওই সিন্ডিকেটের কারণে দাম বাড়ায়নি কেউ। গতকাল ৭ম বারের মতো ইজারা বিজ্ঞপ্তির শেষ দিনে নতুন ইজারাদার ৭৪ লাখ ৫০ হাজার টাকায় (যার সরকারি ভ্যাটসহ ৮৪ লাখ টাকা) ইজারা পান। জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান ও সাংবাদিকদের উপস্থিতিতে নির্ধারিত সীলমোহরযুক্ত খাম খোলা হয়। এতে মুলাদি উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন ৭৪ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার বিবেচিত হন। অপর সিডিউলদাতারা ক্ষুব্ধ হন। এ সময় তারা চেয়ারম্যানকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং এ ইজারা প্রক্রিয়া বাতিলের জন্য চাপ প্রয়োগ করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। তবে পূর্বের ইজারাদাররা নতুন করে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন বলে জানা গেছে।