শেরপুরের পিকনিক স্পট
ও ইকোপার্কে ভিড় নেই
সুশীল মালাকার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৬
ঈদ উত্সবে এবার শেরপুর জেলার প্রধানতম বিনোদন কেন্দ্র অবকাশ পিকনিক স্পট ও মধুটিলা ইকোপার্ক দু’টি প্রায় ফাঁকা। অথচ প্রতিবছর ঈদের দিন থেকে সপ্তাহ জুড়ে সীমান্তবর্তী গারো পাহাড়ের কোলে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র দু’টি বিনোদন পিয়াসীদের ভিড়ে মুখরিত হয়ে উঠতো। শুধু শেরপুর জেলা নয় বৃহত্তর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন দূর-দূরান্ত জেলার লোকজন ঈদের আনন্দ ও ছুটি উপভোগের জন্য শাল পিয়ালের শ্যামলিমায় ঘেরা পাহাড়ি উপজাতিদের সংস্কৃতি সমৃদ্ধ দৃষ্টিনন্দন এ পর্যটন কেন্দ্র দু’টিতে আসতো। কিন্তু এবারের চিত্র ভিন্ন। স্থানীয় কিছু উত্সাহী তরুণ-তরুণী ছাড়া দূর-দূরান্তের তেমন কোন ভ্রমণ বিলাসীদের দেখা যাচ্ছে না।
অবকাশ পিকনিক স্পট ও মধুটিলা ইকোপার্কের অভ্যন্তরে বিভিন্ন হস্তশিল্পের বিপনী, রেস্টুরেন্ট, খাবার দোকানগুলো এখন ক্রেতা শূন্য। সুউচ্চ সাইট ভিউ টাওয়ারের চূড়ায় চড়ার কোন লোক নেই। লেকে নৌভ্রমণের জন্য সারি সারি প্যাডেল বোট এবং ময়ূরপঙ্খী নাও যাত্রী প্রতীক্ষায় শুধু ভাসছে।
এ প্রসঙ্গে অবকাশ পিকনিকি স্পট কেন্দ্রের কেয়ারটেকার ফরটিন সাংমা ও মধুটিলা ইকোপার্ক এলাকার বাসিন্দা জালালউদ্দিন জানান, অন্যান্যবারের তুলনায় এবারের পর্যটকের সংখ্যা খুবই কম। বর্ষার প্রতিকূল আবহাওয়া ও ঈদের পরপরই জামায়াতে ইসলামীর ডাকা দু’দিনব্যাপী হরতালের কারণে ভ্রমণ পিয়াসীদের আগমনে এবার ভাটা পড়েছে বলে তাদের ধারণা।