ফুলবাড়ীতে অতিরিক্ত
মূল্যে ইউরিয়া বিক্রি
ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৮
ফুলবাড়ী উপজেলায় অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি করার অভিযোগ উঠেছে। ডিলারদের ঘরে ইউরিয়া সারের মজুদ না থাকায় খোলা বাজার থেকে কৃষকরা বস্তা প্রতি ৫০ থেকে ৬০ টাকা বেশি দর দিয়ে ক্রয় করছে। গত তিনদিন ধরে এ অবস্থায় চললেও তদারকির ব্যবস্থা না থাকায় ইউরিয়া সার নিয়ে হতাশায় পড়েছে এ অঞ্চলের কৃষক । আর ঈদের সুযোগে ইউরিয়া সার সংকট দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী লুটে নিচ্ছে অতিরিক্ত টাকা।
জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে আমন ক্ষেতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ৭ জন বিসিআইসি সার ডিলার নিয়মিত মাসিক বরাদ্দকৃত সার উত্তোলন করলেও আগস্ট মাসে অধিকাংশ ডিলার সার উত্তোলন করেনি। দুই/একজন ডিলার সার উত্তোলন করে ইউনিয়ন পর্যায়ের ফড়িয়া ব্যবসায়ীর কাছে সরবরাহ করেছে। ফড়িয়া ব্যবসায়ীদের সরকারের নির্ধারিত মূল্যে বস্তা প্রতি ৯৯০ টাকা করে বিক্রি করার কথা থাকলেও সার সংকট দেখিয়ে ১হাজার ৫০ থেকে ১ হাজার ৬০ টাকার দরে বাজারে বিক্রি করছে। অনেকে চাষি শ্যালো মেশিন, বিদ্যুত্চালিত পাম্প দিয়ে ক্ষেতে আমন রোপণ করেছেন। এদিকে ঈদের আগে বৃষ্টি নামায় আগাম ক্ষেতগুলোতে দেখা দিয়েছে ইউরিয়া সারের প্রয়োজন। সে জন্যই সার কেনার হিড়িক পড়েছে বাজারের দোকানগুলোতে।
কাশিপুর ইউনিয়নের সিরাজ ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলাম জানান, আগস্ট মাসের বরাদ্দকৃত সার আংশিক উত্তোলন করা হয়েছে। বরাদ্দের বাকি অংশ ঈদ ও হরতালের পরে বাফার গুদাম থেকে উত্তোলন করা হবে। তবে ফড়িয়া ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য নিতে নিষেধ করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জাহিদুর রহমান জানান, সরকারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ার কথা নয়। কেউ যদি অধিক মূল্য নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।