গাইবান্ধায় ব্লগার তন্ময়কে হত্যার চেষ্টা

গাইবান্ধার পলাশবাড়িতে গত শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্লগার তন্ময় আহম্মেদ মুনকে হত্যা করার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তন্ময় গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পলাশবাড়ি সরকারি কলেজ মোড়ে কয়েকজন মুখোশধারী তন্ময়ের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্লগে লেখালিখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় শিবির ক্যাডাররাই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে তন্ময়ের পরিবার। পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানান, হামলার ঘটনায় কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।