বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপন গ্রেফতার

বরিশাল অফিস

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপনকে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। মঙ্গলবার দুপুরে বরিশাল ক্যাথলিক চার্চ এর ধর্ম যাজক লাকাভালিয়ের গোমেজ কোতোয়ালি থানায় হেনরী স্বপনসহ তিনজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপর কবি হেনরী স্বপনকে পুলিশ নগরীর চৌমাথা এলাকার তার গোলপুকুরস্থ নিজ বাসভবন থেকে গ্রেফতার করে।

পুলিশ তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক শামীম আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, মামলার বাদী বরিশাল ক্যাথলিক চার্চের ধর্ম যাজক লাকাভালিয়ের গোমেজ মামলায় বিবাদীর বিরুদ্ধে খ্রিষ্টান ধর্ম যাজকসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করেন।