একআনা সোনার জন্য শিশুকে হত্যার চেষ্টা

মাত্র একআনা সোনার তৈরি কানের গহনার জন্য মোছাঃ মিনা খাতুন (১৫) নামের এক নিষ্ঠুর কিশোরী সাত বছরের এক শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক মাটি খুইয়ে বিভিন্ন অঙ্গে ব্লেড দিয়ে কর্তন করেছে। লোমহর্ষক এ ঘটনা গত রোববার ঘটেছে। ঘটনার শিকার শিশুর মা ও থানাসূত্রে জানা যায়, সোনাতলা উপজেলার শিচারপাড়া গ্রামের মো. আনছার আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী মোছাঃ মিনা খাতুন একই গ্রামের মো. রায়হান-এর সাত বছর বয়সের মেয়েকে হত্যার উদ্দেশ্যে ওইদিন সন্ধ্যায় বাড়ির উঠান থেকে ফুসলিয়ে ডেকে পাশেই বাঙালি নদীর চরে পাট ক্ষেতের ভিতর নিয়ে। সেখানে শিশুটিকে জোরপূর্বক কিছু মাটি খুইয়ে তার কান থেকে সোনার গহনা খুলে নেয়ার পর তাকে নির্যাতন করতে থাকে। এ সময় ওই গ্রামের জনৈক ব্যক্তি শিশু কন্যাটির চিত্কার শুনতে পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। তাকে আসতে দেখে মিনা খাতুন বাড়ির দিকে দৌড়ে পালাচ্ছিল। ওই ব্যক্তিও তাকে ধাওয়া করে বাড়ি পর্যন্ত যায় ও ঘটনাটি অবগত করে। এ সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে ও লিনাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শিশুটির বাবা সোনাতলা থানায় মামলা করেছেন। ওসি (তদন্ত) মোজাফ্ফর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে মিনা খাতুন ঘটনার সত্যতা শিকার করেছে।