সংবাদ সংক্ষেপ

টেকনাফে ৮ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা\ টেকনাফে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানায় বিজিবি। গতকাল সোমবার সকালে হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার তোতা মিয়ার নেতৃত্বে জওয়ানরা হ্নীলা আলীখালী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৯৫৭ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন উপ-পরিচালক মেজর সফিকুর রহমান। ধামরাইয়ে আওয়ামী লীগের সভা ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ ধামরাই থানা আ.লীগের উদ্যোগে উপজেলার সবক’টি ইউনিয়ন ও পৌরসভার সবগুলো ওয়ার্ডে জাকজমকপূর্ণভাবে জাতীয় শোকদিবস ও জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে গতকাল ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে ইসলামপুর ডাক বাংলায় ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। ফকিরহাটে এক নারীর লাশ উদ্ধার চিতলমারী (বাগেরহাট) \ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। কাটাখালী বাজারের গ্রাম্য চিকিত্সক সামিউল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যায় কতিপয় যুবক একজন মহিলাকে রক্তমাখা অবস্থায় তার চেম্বারে নিয়ে আসে। এ সময় মহিলা মারা গেছে বলে জানালে যুবকরা লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে তিনি হাইওয়ে থানার পুলিশকে খবর দেন। মহেশপুর ছাত্র সমাজের সভা অনুষ্ঠিত মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত রবিবার সকালে মহেশপুর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ছাত্র সমাজের এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মন্জুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোসারেফ হোসেন মাষ্টার, যশোর এমএম কলেজের ছাত্র সমাজের সভাপতি রফিকুজ্জামান রাজু, সেক্রেটারী মেহেদী হাসান, মাজেদুল ইসলাম প্রমুখ। চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের ১৭ জন গ্রেফতার চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে রবিবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফ ভূঁইয়া, সার্কেল জাহাঙ্গীর আলম ও চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাইল মিঞার নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালায়। এসময় তারা পৌরসভার শ্রীপুরের শাহজাহান, রামরায় গ্রামের কাজী মনির হোসেন, কাজী সোহাগ, নাটাপাড়ার সিরাজুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়নের ফেলনার বাবর মোল্লা, বৈলপুরের সোহাগ, জুয়েল, আহসান উল্লাহ, উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামের আবুল কালাম, ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আবদুল কুদ্দুস, ওমর আহমদ, কোমাল্লার প্রফেসর শফিকুর রহমান, গুনবতী ইউনিয়নের কর্তামের শাহীন, গুনবতীর ইস্রাফিল, খাটরার আবতাফ উদ্দিন, চাপালিয়াপাড়ার ইয়াছিন, বাতিসা ইউনিয়নের নানকরার ইব্রাহিমকে গ্রেফতার করে। গাজীপুরে মোটর সাইকেল আরোহী নিহত গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নাওজোড় হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, গতকাল সোমবার গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় নির্মাণ ঠিকাদার চাঁন মিয়া মোটর সাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ছাতকে শিবির নেতা গ্রেফতার ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাত্র শিবির ছাতক ডিগ্রী কলেজ শাখার সভাপতি কামরুল হাসান সবুজকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে আন্ধারীগাঁও গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলামের পুত্র। ওসি শাহজালাল মুন্সি জানান, তার বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এদিকে সকালে কামরুল হাসান সবুজকে গ্রেফতারের প্রতিবাদে ও টানা দু’দিনের হরতালের সমর্থনে ছাতক পৌর শহরে জামায়াত-শিবির মিছিল করেছে। গাইবান্ধায় মোটর সাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ বালুয়া নামক স্থানে গত রবিবার মোটর সাইকেলের ধাক্কায় দেলদার হোসেন (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ জানান,একটি ট্রাক্টর পিছন দিক থেকে মোটর সাইকেলটি ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দেলদার হোসেনকে ধাক্কা দেয়। এতে দেলদার হোসেন গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে ওইদিন তিনি মারা যান। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১ দিনমজুর নিহত উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল সোমবার সকাল ১১টায় পাবনা থেকে ঢাকাগামী সামি পরিবহনের একটি বাস উল্লাপাড়া শ্যামলীপাড়া বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যেয়ে শুকুর আলী (৫৫) নামে এক দিনমজুরকে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রীকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ২০ শয্যা হাসপাতালে ভর্তি করে। রায়পুরায় নাটক উদ্বোধন রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ গ্রামীণ ফাইল মিডিয়া ও আমরাও পারির যৌথ আয়োজনে এবং রায়পুরা সারাদেশ ফোরামের (ইত্তেফাক) আহবায়ক মোসলেহউদ্দিন বাচ্চুর রচনায় “রূপবানের পাগল” ও ভৈরব নিয়াজী আর্টের স্বত্বাধিকারী রাষ্ট্রীয় ও ইত্যাদি কর্তৃক পুরস্কারপ্রাপ্ত জুম্মান খান নিয়াজী রচিত “যৌতুকের কালো ছায়া” এ দু’টি নাটকের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী গত রবিবার রায়পুরা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফউদ্দিন বকুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ তাজুল ইসলাম। লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। জানা গেছে, গত রবিবার নড়াইল থেকে লোহাগড়ায় আসার পথে চৌগাছা ভাটা নামক স্থানে পৌঁছালে মোটর সাইকেল চালক পথচারি বুড়িখালি গ্রামের নবুয়াত শিকদার নবু (৭০)কে চাপা দেয়। এ সময় গুরুতর আহত নবুয়াত শিকদারকে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর মোটর সাইকেলসহ চালক পালিয়ে যায়। মনোহরগঞ্জে খেলা নিয়ে সংঘর্ষে আহত ৮ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গত রবিবার কুমিল্লার মনোহরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত হয়। জানা যায়, শনিবার বাইশগাঁও ইউনিয়নের উদাইশ গ্রামে ২ হাজার টাকা বাজিতে ক্রিকেট খেলাতে হেরে গিয়ে উস্কানিমূলক কথাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সাকতলা গ্রামের লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এ সময়ে মনোহরগঞ্জ থানার এস.আই মোঃ অলি উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মির্জাপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মেধাবী ছাত্র জিহাদ (১৩) নিহত হয়েছে। জিহাদ টাঙ্গাইল বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র। তার পিতার নাম আব্দুল গফুর মিয়া। ফটিকছড়িতে ৭শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা\ এক সপ্তাহের ব্যবধানে উত্তর ফটিকছড়ি থেকে ৭শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে হেঁয়াকো ক্যাম্পের বিজিবি সদস্যরা। গত এক মাসে উক্ত এলাকা থেকে প্রায় তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো বিজিবি ও পুলিশ। গত ৯ আগষ্ট ঈদের দিন রাতে বিজির হেঁয়াকো কোম্পানী কমান্ডার আব্দুল হাই ও হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে ১নং বাগানবাজার ইউপির গার্ডের দোকান নামক স্থানে একটি পরিত্যক্ত দোকানের পেছন থেকে কার্টুন ভরা এসব ফেন্সিডিল উদ্ধার করে। বাগমারার নাককাটি বিলে পোনা অবমুক্ত বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নাককাটি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত রবিবার নাককাটি মত্স্য চাষি সমবায় সমিতির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক। পরে বিল এলাকায় উপস্থিত মত্স্য চাষিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ইঞ্জিঃ এনামুল হক। নাককাটি মত্স্য চাষি সমবায় সমিতির সভাপতি ও বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুত্ফর রহমানের সভাপতিত্বে ও নাককাটি মত্স্য চাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাসুপাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ। চাটমোহরে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২ চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনার চাটমোহরে রবিবার বিকেল ৫টার দিকে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি আবুল কালাম (৪০)। আহতরা হলেন মহরম হোসেন (৩৮) ও আড়িংগাইল গ্রামের আকতার হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবুল কালাম তার ভায়রার বাড়ি চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামে বেড়াতে আসেন। বিকেলে আবুল কালামসহ অপর দুইজন রেলপথ দেখার জন্য গুয়াখড়া স্টেশনে যান। সেখান থেকে হাঁটতে হাঁটতে স্টেশনের পূর্বপাশে ডেঙ্গার ব্রিজে গিয়ে ওঠেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ঈদের স্পেশাল ট্রেন চলে আসলে ৩ জনই পানিতে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু আবুল কালাম লাফ দেবার আগেই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যান। সিরাজদিখানে দুই গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ সিরাজদিখান উপজেলার খাশসুর গ্রামের লাবু মন্ডলের স্ত্রী দীপা মন্ডল (২০) গত রবিবার সকালে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দিপা মন্ডল আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা বলার পর স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ডলি রানী রায় (২৫) নামে অপর এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সিরাজদিখান উপজেলার ঘোড়ামাড়া গ্রামে। রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচন স্থগিত রাজশাহী অফিস \ রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত ছিল। তবে স্থগিতের পর নতুন তারিখ এখনো ঘোষিত হয়নি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এলাকার সীমানা সমপ্রসারণ বিষয়টি বিবেচনাধীন থাকায় পবার নওহাটা পৌরসভার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হলো। রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। শাহজাদপুরে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ শাহজাদপুর উপজেলার হাটপাচিল গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) নামের এক তাঁত শ্রমিককে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ক্যানেলের পানিতে ফেলে দেয়। দুই দিন নিখোঁজ থাকার পর গত সোমবার সকালে আব্দুর রাজ্জাকের ক্ষত-বিক্ষত লাশ ভেসে ওঠে। এরপর পরিবারের লোকজন লাশ শনাক্তের পর পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রূপগঞ্জে বাসি খাদ্যে একই পরিবারের ৭ জন অসুস্থ রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাসষ্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড বিরানী হাউজে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। জানা যায়, রূপগঞ্জের রাসেল পার্কে বেড়াতে আসা নরসিংদীর ভেলানগরের জহিরুল ইসলামসহ তার পরিবারের লোকজন পচাবাসি খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। দুই দিন আগের সবজি ও ডাল খেয়ে একই পরিবারের সাতজন আহত হয়ে পড়ে বলে হোটেলের কর্মচারী সুজন মিয়া জানান। এর আগেও এ হোটেলে খাবার খেয়ে ১১ জন আহত হয়। পরে মুচলেকা হিসেবে আহতদের হাসপাতালে চিকিত্সা দেন হোটেল মালিক। সেনবাগে শ্বশুরবাড়ি থেকে জামাই’র লাশ উদ্ধার সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মো. ইব্রাহিম (৩২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে গত সোমবার সেনবাগ থানা-পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ শ্যামেরগাঁও গ্রামের নূর কাজীর নতুন বাড়িতে। এদিকে, মৃতের পারিবারের লোকজনের দাবি; ঘটনার দিন রাতে শ্বশুরবাড়ির লোকজন ইব্রাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার মধ্যে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় গত ৭ জুলাই রাতে পৃথক ৩ বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সন্দেহে ৩ জনকে ধরে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। অপরদিকে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌড়াপাড়ায় হেকিমের বাড়িতে ও সোহাগপুর এলাকায় দুই বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা দুই বাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় একলাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।