মালয়েশিয়ার সাথে খেলার চেষ্টা চালাচ্ছে বাফুফে

জাতীয় দলের আরেকটি প্রস্তুতি ম্যাচ আজ

বাংলাদেশ ফুটবল দল নেপালে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জোরদার করতে ইতোমধ্যে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। কথা ছিল আগামী মাসের টুর্নামেন্টটির প্রাক্কালে ঢাকায় পাকিস্তান জাতীয় দলের সাথে দুটি ম্যাচ খেলবে তারা। বিশেষ করে পাকিস্তান ফুটবল দল নিজ উদ্যোগে ঢাকায় আসতে চাওয়ায় বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগও হয়েছিল নিজেদের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান খেলতে না আসায় এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা চালাচ্ছে নেপালে যাওয়ার আগে জাতীয় দলকে মালয়েশিয়া কিংবা ফিলিপাইন জাতীয় দলের সাথে ঢাকায় কিংবা তাদের দেশে প্রস্তুতি ম্যাচ খেলানোর। এ ব্যাপারে মালয়েশিয়ায় যোগাযোগ করা হয়েছে। সেদেশের জাতীয় ফুটবল দলের সাথে খেলতে চায় বাংলাদেশ। এমন আগ্রহের কথা জানিয়ে গতকাল চিঠি পাঠানো হয়েছে মালয়েশিয় ফুটবল ফেডারেশনের কাছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ ব্যাপারে বলেন, ‘আমরা চাইছি মালয়েশিয়ান জাতীয় দলের সাথে খেলতে। কোনো কারণে সেটা না হলে অন্তত মালয়েশিয়ার বড় কোনো ক্লাবের বিরুদ্ধে খেলতে চাই।’ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন অবশ্য জানিয়েছেন তারা মালয়েশিয়া এবং ফিলিপাইনের সাথে অনুশীলন ম্যাচ খেলতে চান। হয় দেশদুটিতে গিয়ে নয়তো সেখানকার দলকে ঢাকায় এনে। খুব সহসাই বিষয়টির সমাধান হয়ে যাবে বলে মনে করছেন বাফুফে সভাপতি। মালয়েশিয়া প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হলে বাংলাদেশ দল কুয়ালালামপুর থেকে সরাসরি নেপালে পৌঁছাবে। শেষ পর্যন্ত এর কোনটি না হলে বাংলাদেশ ফুটবল দল ঢাকাতেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে প্রথমটি আজ বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ মিশ্র একাদশ। দেশিয় ফুটবলারদের সাথে কিছু বিদেশি খেলোয়াড়ও থাকবেন এই একাদশে। বর্তমানে লিগ না থাকলেও বাংলাদেশে নিয়মিত খেলছেন এমন কয়েকজন আফ্রিকান ফুটবলার বর্তমানে ঢাকায় আছেন। তাদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নেয়া হবে ম্যাচটির জন্য। এই দলের সাথে আরো দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে ২০ ও ২৩ আগস্ট। ২৪ আগস্ট জাতীয় ফুটবল দল নেপালে যাওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার সাথে অনুশীলন ম্যাচ চূড়ান্ত হলে ২০ আগস্টের আগেই জাতীয় ফুটবল দল মালয়েশিয়া চলে যাবে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৩১ আগস্ট নেপালে। প্রথম দিন বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিরুদ্ধে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে ফেবারিট ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা এবং ভুটান। সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার আগে অন্যান্য দলগুলোও জোর প্রস্তুতির জন্য বিদেশের মাটিতে অনুশীলন ম্যাচ খেলছে বলে জানা গেছে। শ্রীলংকা ও মালদ্বীপ অনুশীলন ম্যাচ খেলতে যাবে থাইল্যান্ডে, ভারত খেলতে গেছে তাজিকিস্তানের বিরুদ্ধে। ঘরের মাঠে শিরোপা পাওয়ার জন্য নেপাল ফুটবল দল বাহামা গিয়েছিল। সেখান থেকে এখন নেপাল দল বাহরাইন গেছে। পাকিস্তান ফুটবল দল ঢাকায় না আসলেও তারা আফগানিস্তানের সাথে অনুশীলন ম্যাচ খেলতে পারে। বিদেশের মাটিতে অনুশীলন ম্যাচ খেলার কথা মাথায় নেই ভুটানের। তারা ঘরোয়া প্রস্তুতি নিয়েই নেপালে আসবে।