অসাংবিধানিক সরকার এলে দায় নিতে হবে সরকারকেই : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের অনড় অবস্থানের কারণে দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতা নিলে এর দায় তাদেরই নিতে হবে। এখনো সময় আছে, আমরা আশা করবো-সরকারের শুভবুদ্ধি উদয় হবে। অন্যথায় জনগণ তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক প্রমুখ। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার-এর সেক্রেটারি আদিলুর রহমান খানের মুক্তি দাবি করে তিনি বলেন, আদিলুরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।