বঙ্গোপসাগরে ডুবে যুবক নিখোঁজ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৮
বঙ্গোপসাগরে গোসল করার সময় গতকাল সোমবার পানিতে ডুবে এক যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবক জাফর আলম (১৮) রাঙ্গামাটি থেকে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন। সাগরে তার সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সমুদ্র সৈকতে গোসল করতে নামা পর্যটকদের নিরাপত্তাদানকারী প্রতিষ্ঠান রবি লাইফগার্ডের ইনচার্জ সৈয়দ নূর জানান, লাইফগার্ড কর্মীদের সতর্কতা উপেক্ষা করে শহরের সী-ইন পয়েন্ট সৈকতে গোসল করার সময় জাফর আলম গতকাল বিকাল ৩টার দিকে খাদে ডুবে গিয়ে স্রোতের টানে হারিয়ে যান। পরে স্পীডবোট নিয়ে সাগরে দেড় ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেও লাশের হদিস পাওয়া যায়নি।
সূত্র জানায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়খালীর খন্দকাটা এলাকার সিরাজুল হকের ছেলে জাফর আলম গত রবিবার ঈদের ছুটিতে বোনের বাড়ী বেড়াতে কক্সবাজারে আসে। পরদিন সোমবার বোন ও ভগ্নিপতিসহ সমুদ্র সৈকতে তারা বেড়াতে আসে।