নতুন কোচ খুঁজছে পিসিবি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৮
আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কোচের অধীনে খেলবে পাকিস্তান ক্রিকেট দল। কারণ বর্তমান কোচ অস্ট্রেলীয় ডেভ হোয়াটমোরের বর্তমান চুক্তি শেষ হওয়ার পর তা নবায়নের ইচ্ছে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
ডেভ হোয়াটমোরের সঙ্গে পিসিবির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৪ সালের মার্চে। ২০১২ সালের মার্চে দায়িত্ব নেয়ার পর হোয়াটমোরের পারফর্মেন্সে এবং অন্য কয়েকটি ঘটনায় তার উপর অসন্তুষ্ট পিসিবি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় করতে হলে ক্ষতিপূরণ দিতে হবে বলে চুক্তি শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেট নিয়ামকরা। পিসিবি’র একটি সূত্র পিটিআইকে এসব তথ্য জানায়।
ওই সূত্র উল্লেখ করেন- পিসিবি’র বর্তমান কর্তৃপক্ষ এ মুহূর্তে হোয়াটমোরকে কোচ হিসাবে রাখার এবং তার চুক্তির মেয়াদ দুই বছর পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড মূলত হোয়াটমোরকে ক্ষতিপূরণ হিসাবে কোন অতিরিক্ত অর্থ দিতে চায় না। তাছাড়া দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে টানা দুটি সিরিজ খেলতে হবে বলেও পিসিবি মনে করে তাকে বিদায়ের জন্য এটি উপযুক্ত সময় নয়।
তিনি আরো জানান, হোয়াটমোরের প্রতি বোর্ড মোটেই সন্তুষ্ট নয় বলেই জিম্বাবুয়ে সফরে ভারসাম্য আনার লক্ষ্যে সাবেক টেস্ট অধিনায়ক মইন খানকে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
হোয়াটমোর সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট একাডেমির বাইরে লাহোরের গুলবাগ এলাকায় নতুন বাসা করে থাকাটাকে প্রাধান্য দিচ্ছেন। এই বাসা ভাড়া অবশ্য পিসিবিকেই পরিশোধ করতে হবে।
চুক্তি অনুযায়ী হোয়াটমোরের স্বতন্ত্র বাংলো থাকার কথা। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে তার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বাস করাটাই ভাল বলে মনে করছিল পিসিবি। উল্লেখ্য, এর আগে পাকিস্তান দলের সাবেক দুই প্রধান কোচ বব উলমার এবং জিয়ফ লসনও একাডেমিতে থাকাটাকেই প্রাধান্য দিতেন।—বাসস