উইন্ডিজের নিউজিল্যান্ড সফর শুরু ডিসেম্বরে

চলতি বছরের শেষে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত সোমবার এ সফরের সূচী প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে একইসাথে জানানো হয়েছে এখনো তারা ভারতের প্রস্তাবিত নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত সূচীর জন্য অপেক্ষা করছে। পাঁচ বছরের মধ্যে এই প্রথম আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বলে জানিয়েছে এনজেডসি। যদিও নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, তিনি এখনো ভারতীয় দলের সফরের বিস্তারিত সূচীর জন্য অপেক্ষায় আছেন। ভারতের এই সফর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বড় অঙ্কের অর্থ প্রাপ্তিরও প্রত্যাশা করছে। এ সম্পর্কে হোয়াইট বলেন, ‘আমরা যা আশা করেছিলাম ভারত তার থেকেও বেশী সময় নিচ্ছে। এ কারণে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ভারতের সফরসূচী ঘোষণা করতে পারবো।’ আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতকে আতিথেয়তা দেবার কথা রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এশিয়া কাপ থাকায় ভারত নিউজিল্যান্ড সফর নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারছে না বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। বাসস/এএফপি সফরসূচী ৩-৭ ডিসেম্বর : প্রথম টেস্ট, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন ১১-১৫ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, বেসিন রিসার্ভ, ওয়েলিংটন ১৯-২৩ ডিসেম্বর : তৃতীয় টেস্ট, সিডন পার্ক, হ্যামিল্টন ২৬ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, ইডেন পার্ক, অকল্যান্ড ২৯ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার ১ জানুয়ারি :তৃতীয় ওয়ানডে, কুইন্সটাউন ইভেন্টস সেন্টার, কুইন্সটাউন ৪ জানুয়ারি : চতুর্থ ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন ৮ জানুয়ারি : পঞ্চম ওয়ানডে, সিডন পার্ক, হ্যামিল্টন ১১ জানুয়ারি : প্রথম টি-২০, ইডেন পার্ক, অকল্যান্ড ১৫ জানুয়ারি : দ্বিতীয় টি-২০, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন