রাজধানীতে জামায়াতের মিছিলের চেষ্টা, ভাংচুর ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৬
৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে জামায়াতে ইসলামী। এ সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটায় তারা। এর মধ্যে পল্লবী ও মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে জামায়াত-শিবির মিরপুর-১০ নম্বরের গোল চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিবির কর্মীরা রাস্তায় একটি মিনিবাস ভাংচুর করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১০-১২ রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। এদিকে এ ঘটনার পরপরই মিরপুর-১১ নম্বর সেকশনে বেনারসী পল্লী থেকে আবার মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির। এসময় জামায়াত-শিবিরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ শিবির কর্মীকে গ্রেফতার করে।
পল্লবী থানার ওসি আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার জন্য নারী-পুরুষের সমন্বয়ে প্রায় একশ’ মানুষ পুলিশের গাড়ির দিকে এগুতে থাকলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দুপুরে ফকিরাপুল কাঁচাবাজারের পাশে আল হেলাল পুলিশ বক্সের কাছে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে শ্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। এসময় একজন মিছিলকারীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান। এর আগে সকালে মগবাজারে ওয়্যারলেস গেটের সামনে ১০/১২ জন শিবির কর্মী হরতালের সমর্থনে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা রাস্তায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে চারদিক আতংকের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা বিশাল সেন্টারের গলিতে ঢুকে পড়ে।