ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী চালু

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী বানালো ভারত। এই রণতরী থেকে মিগ-২৯, হাল্কা যুদ্ধ বিমান ও ক্যামভ-৩১ মডেলের জঙ্গি বিমান উড়তে পারবে। এর মাধ্যমে এই রণতরী তৈরি করেছে এমন হাতেগোনা কয়েকটি দেশের কাতারে দাঁড়ালো ভারত। খবর এনডিটিভির। দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোচি শিপইয়ার্ডে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘আইএনএস বিক্রান্ত’ নামের রণতরী গতকাল সোমবার উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তবে ৩৭ হাজার ৫০০ টন ওজনের এই রণতরী ২০১৮ সালে ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। বিশ্বে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স এ ধরনের যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরি করতে পারে। ভারতের এই রণতরীর দৈর্ঘ্য ২৬০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার যা একটি ফুটবল মাঠের দ্বিগুণ। রণতরিটি ৩৬টি বিমান বহনে সক্ষম। গতকাল উদ্বোধনের মাধ্যমে রণতরীটি নির্মাণের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। এরপর আবার শিপইয়ার্ডে ফিরিয়ে নেয়া হবে। এতে খরচ হবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।