তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়া, ঘাটাইল ও কাপাসিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত ও ৩ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের পৈরতলা রেলক্রসিং-এ পৌর শহরের দক্ষিণ পৈরতলা গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সামসুল হক (৬০) বাড়ি ফেরার পথে একটি সিএনজি অটো রিক্সা ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের সদরের কুট্টাপাড়া মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রী কিশোরগঞ্জের রতন সরকার (৪১) এবং চালক (২৬) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নাসিরনগর উপজেলার ধারাতেলজান গ্রামের বাসিন্দা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘাটাইল সংবাদদাতা জানান, টাগতকাল সোমবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মোগলপাড়া নামের এলাকায় মাইক্রোবাসের চাপায় ৭ বছরের শিশু তাছিম নিহত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি ভাংচুর করে এবং তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। নিহত তাছিমের বাড়ি ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামে। এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, কালীগঞ্জে গতকাল সোমবার উলুখোলা বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবা নামের (৮) এক শিশু নিহত হয়েছে। তুরাগ থানার বিয়াবাড়ি গ্রামের কামাল মুন্সী তার পরিবার নিয়ে জিন্দা গ্রামে তার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। গতকাল কামাল মুন্সী তার মেয়ে মাহবুবাকে নিয়ে উলুখোলা বাজারে যাচ্ছিল। উলুখোলা ব্রিজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।