হরতালে পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি

জামায়াত ইসলামীর ডাকা দুইদিনের হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ, র্যাব ও বিজি ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। সোমবার রাত ৮টার দিকে রাজধানীসহ দেশের নাশকতার ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বিজিবি নামানো হয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি পুলিশের সঙ্গে কাজ করবে। ঢাকার বাইরে কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন থাকবে। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য র্যাব মাঠে কাজ করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, হরতালে সহিংসতা ঠেকাতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে।