শ্রীপুর পৌর নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

জেলার শ্রীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। আগামীকাল বুধবার মনোনয়নপত্র বাছাই, ২২ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ আগস্ট প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আগামী ৮ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। এদিকে প্রধান ২ দল আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে নিজেদের একক প্রার্থী চূড়ান্ত করে সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ ঈদের আগেই সাবেক ছাত্রনেতা ও বর্তমান মেয়র আনিছুর রহমানকে দলের একক প্রার্থী ঘোষণা করে। তিনি শ্রীপুর পৌরসভার গত দুটি নির্বাচনে পর পর জয়ী হন। এদিকে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম মেয়র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করলেও দলীয় সিদ্ধান্তে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। অপরদিকে বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে গতকাল সোমবার জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব ও শহীদুল্লাহ শহীদের মধ্যে তৃণমূলের ভোটের আয়োজন করা হয়। ভোটে শহীদ নির্বাচিত হওয়ায় দল তাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়।