বেড়িবাঁধে লেগুনার ধাক্কায় রিকশা চালক নিহত

রাজধানীর রূপনগর থানা এলাকার বেড়িবাঁধে গতকাল সোমবার লেগুনার ধাক্কায় বাদশা হাওলাদার (৫৫) নামের এক রিকশা চালক নিহত এবং যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাসুদ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকালে বটতলার বেড়িবাঁধের রাস্তায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাদশা। এসময় পিছন থেকে একটি লেগুনা দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ছেলে জাকির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ দাবি করেছে, যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ মাসুদ একজন ছিনতাইকারী। তার দুই সহযোগী সাকিল ও ফরহাদকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার এএসআই জানান, শনির আখড়ার ফাতেমা নাজ পেট্রোল পাম্পের সামনে তিন যুবকের চলাফেরা সন্দেহভাজন হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে মাসুদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে। এসময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোঁড়ে। এতে মাসুদ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে আটক করে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী। ছিনতাইয়ের উদ্দেশেই তারা একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়েছিল।