ঢাকা-টরন্টো বিমান চলাচল শুরু মার্চে

আগামী বছর মার্চে ঢাকা-টরন্টোর মধ্যে বিমান চলাচল চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে দু’দেশের মধ্যে ‘এয়ার সার্ভিস এগ্রিমেন্ট’ স্বাক্ষরের জন্য গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধি দলে রয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশান চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেন, ফ্লাইট সেফটি পরিচালক উইং কমান্ডার নাজমুল আনাম, উপ-পরিচালক প্রশান্ত কুমার প্রমুখ। সফরকালে তারা কানাডার সঙ্গে বিমান চলাচল সংক্রান্ত প্রাথমিক চুক্তি স্বাক্ষর করবে। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কানাডায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য যাবেন। মন্ত্রী ফারুক খান ইত্তেফাককে জানান, আগামী বছর যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুটি বোয়িং-৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ সরবরাহ করবে। চুক্তি মোতাবেক একটি উড়োজাহাজ আসবে ফেব্রুয়ারিতে, অপরটি মার্চে। এ হিসেবে এটা নিশ্চিত বলা যায়-মার্চেই কানাডার সঙ্গে কাঙ্ক্ষিত সরাসরি বিমান চলাচল শুরু হবে। সে ক্ষেত্রে ঢাকা-লন্ডন-টরেন্টো অথবা ঢাকা-লন্ডন-মন্ট্রিলের মধ্যে যেটা বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য হবে সেটাই করা হবে।