সংকট সমাধানে সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রধান দুই দলকে আবারো সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা এই আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ প্রয়োজন হবে বলে আমরা মনে করি না। তবে বন্ধুপ্রতিম দেশগুলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে বলে মত দেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে রানা প্লাজার ট্রাজেডি, পোশাক শিল্প, জিএসপি সুবিধা ও টিকফা চুক্তিসহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জামায়াতের হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মোজেনা বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার, তবে হরতাল হতে হবে শান্তিপূর্ণ। এতে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে হরতাল আহ্বানকারীদের খেয়াল রাখতে হবে।