খালেদা জিয়ার পক্ষে কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

ইত্তেফাক রিপোর্ট

দলের চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষে গতকাল কুটনীতিকদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। গুলশানের ওয়েস্টিন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুটনৈতিক কোরের ডিন ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি আজকারাত, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতর্ক ও কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকসহ ৩৭টি দেশের কুটনীতিক ও জাতিসংঘ এবং দাতা সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস প্রমুখ নেতারা ইফতারে উপস্থিত ছিলেন। গণমাধ্যম সম্পাদকদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সাইফুল আলম, ভোরের কাগজের শ্যামল দত্তসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক এতে অংশ নেন।