ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সুখরঞ্জন বালি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২২:৫৮
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেইন সাঈদীর পক্ষের সাক্ষীদের একজন সুখরঞ্জন বালি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। খবর বিবিসির।
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সুখরঞ্জনের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর আবেদন জানিয়ে তিনি ভারতের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন। তার পরিবার এবং আইনজীবীরা বলছেন, বাংলাদেশে ফেরত পাঠানো হলে নিরাপত্তা সংস্থাগুলো তাকে হেনস্থা ও হয়রানি করতে পারে। তবে কলকাতা হাইকোর্ট গত সপ্তাহে এক আদেশে বলেছিল, ২০ আগস্ট পর্যন্ত সুখরঞ্জন বালিকে দেশে ফেরত পাঠানো যাবে না। তার পরে সংশ্লিষ্ট দপ্তর সিদ্ধান্ত নেবে কখন, কীভাবে বালিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কলকাতা হাইকোর্ট রায়ে বলেছিল, বাংলাদেশে ফেরত পাঠানো হলে হয়রানি করা হতে পারে এমন কোনো তথ্য-প্রমাণ বালির পরিবার দিতে পারেনি। বিচারপতি সঞ্জীব ব্যানার্জী মন্তব্য করেছিলেন, এসব তাদের অনুমান, আর অনুমানের ওপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত আদালত নিতে পারে না।
সুখরঞ্জন বালির বড় ভাইয়ের ছেলে বাসুদেব বালা জানিয়েছেন, তার কাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তাদের আইনজীবী বলছেন, রাজনৈতিক আশ্রয়ের ওই আবেদনের সঙ্গে তারা সুপ্রিম কোর্টে করা আবেদন জুড়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টে আবেদনটি আজ মঙ্গলবার জমা দেয়া হবে। তার আইনজীবীরা আশা করছেন, এই সপ্তাহে মামলার শুনানি হবে।