ইত্তেফাক রিপোর্ট
ভূমি মন্ত্রণালয়ের কানুনগো পদে পদোন্নতি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ পদে পদোন্নতির জন্য দীর্ঘ ৩৩ বছরেও তৈরি করা যায়নি কোনো নিয়োগ বিধিমালা। যার ফলে ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো এই পদে পদোন্নতি চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা তো আছেই, সাথে সাথে চলছে দেনদরবার। প্রভাবশালীরা মন্ত্রণালয়কে ম্যানেজ করে পদোন্নতি ভাগিয়ে নেওয়ার চেষ্টা করলেও অনেক কর্মকর্তা অসহায়ের মতো তাকিয়ে আছেন।
জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো পদটি তৃতীয় শ্রেণির হলেও পরবর্তীতে তা দ্বিতীয় শ্রেণি হিসেবে উন্নীত করা হয়। বর্তমানে প্রায় ১৪শ’ কানুনগোর পদ শূন্য রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কানুনগো পদে পদোন্নতির জন্য ৫৭১ জনের তালিকা প্রস্তুত করা হলে শুরু হয় জটিলতা। রেকর্ড কিপার, খারিজ সহকারী ও কপিস্ট-কাম সহকারীদের একটি অংশ এ নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দিলে তারা পদোন্নতি পাওয়ার জন্য ভূমি সচিবের কাছে একটি আবেদন করেন। কিন্তু প্রশাসনিক রায়ের বিরুদ্ধে ভূমি সচিব আপিল করলে সেটি নাকচ হয়।
কানুনগো পদটি দ্বিতীয় শ্রেনির হওয়ায় এ পদের পদোন্নতি অনুমোদনের জন্য পিএসসির কাছে পাঠানো বাধ্যতামূলক। পিএসসি তাদের চিঠিতে কয়েকটি পদের ব্যাপরে (যে পদগুলো পদোন্নতির জন্য তৈরি রাখা হয়েছে) ভূমি মন্ত্রণালয়ের কাছে জানতে চান। ভূমি মন্ত্রণালয় জানায়, এ পদগুলো ফিডারভুক্ত নয়। অথচ তাদেরকেই পদোন্নতির জন্য এখন তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানা যায়।
সংশ্লিষ্টরা জানান, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সেটেলমেন্টের বিভিন্ন স্তরের বিচারিক কাজ সম্পাদন করে থাকেন। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন খারিজ সহকারী, বেঞ্চ সহকারীরা। পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তদের কেউ পদোন্নতি পাচ্ছেন না। ভূমি মন্ত্রণালয় পদোন্নতির জন্য যে তালিকা তৈরি করেছে তাতে তাদের নাম নেই। কিন্তু যেসব সার্ভেয়ার সরেজমিন দখল তদন্ত করা এবং ড্রাফটস ম্যান নকশায় কালি করেন তাদেরকে পদোন্নতির জন্য মনোনীত করা হয়েছে। এদিকে, উপজেলা সেটেলমেন্ট অফিসে ‘কম্পিউটার’ এর কোনো পদ না থাকলেও তাদেরকে পদোন্নতির জন্য তালিকায় রাখা হয়েছে। এছাড়া চাকরিকালে যাদের এ পদের সাথে সম্পৃক্ততা নেই এমনকি যারা বিচারিক কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন না তাদের অনেককে পদোন্নতির জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। এতে ভূমি সংক্রান্ত বিচারিক কাজে নানা জটিলতার সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।