মহামায়া লেকে নিখোঁজ কলেজ ছাত্রের হদিস মেলেনি

মহামায়া লেক আনন্দ ভ্রমনে আসা নিখোঁজ ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কফিল উদ্দিন সুমনের লাশ উদ্ধারে ব্যর্থ হয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। রবিবার বিকেল ৩ টায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কফিল উদ্দিন সুমনের লাশের হদিস মেলেনি। সুমনের লাশের খোঁজে সহপাঠী ও স্বজনরা মহামায়া লেকে অপেক্ষার প্রহর গুনছেন। প্রশাসনের দাবি সুমনের লাশ উদ্ধারে জোর চেষ্টা চলছে। তবে সোমবার দুপুরে নৌবাহিনীর আরো একটি ইউনিট উদ্ধার কাজে নেমেছেন বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে মহামায়া প্রকল্প ইজারা প্রাপ্ত মেসার্স আহসান ট্রেডিং স্বত্বাধিকারী এস এম আবু সুফিয়ান বিপ্লব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, সুমনের লাশ উদ্ধারে নৌবাহিনীর স্পেশাল টিম ইতিমধ্যে মহামায়াতে পৌঁছেছে। তাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহামায়া লেকে গোসল ও নৌকা চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।