ডার্টি গেম বন্ধ করুন --------রিজভী

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। সরকারের উদ্দেশে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, হিংসার আগুনে আপনাদেরই সর্বনাশ হবে। সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি। তারা তার জামিনে বাধা দিচ্ছে, চিকিত্সায় বাধা দিচ্ছে। এসব ‘ডার্টি গেম’ বন্ধ করুন। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের ওপর প্রভাব বিস্তার বন্ধ করুন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না।

রিজভী বলেন, দেশের প্রতিটি বিবেকবান মানুষ আশা করেছিলেন, এই পবিত্র রমজানে অন্তত হিংসা-বিদ্বেষ, রাগ-ক্রোধ, লোভ-মোহ, প্রতিহিংসা-জিঘাংসা থেকে আত্মশুদ্ধি লাভ করবে সরকার ও সরকার প্রধান। জনগণের নেত্রীকে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরে আসতে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ধানখেতে আগুন দেওয়ার ঘটনা নজিরবিহীন

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ধান চাষ করে লোকসান দিয়ে কৃষকদের পথে বসার অবস্থা হয়েছে। তাদের ঘরে এখন হাহাকার। এই মিডনাইট ইলেকশনের সরকারের হঠকারি সিদ্ধান্ত, বিদ্যুত্-জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধিসহ কৃষকদের প্রতি উদাসীনতার কারণে উত্পাদন খরচ উঠছে না কৃষকের। কৃষকরা প্রতি মণ ইরি-বোরো ধানে ২০০ টাকা করে লোকসান দিচ্ছে। নানা ঋণে জর্জরিত কৃষক ক্ষোভে, দুঃখে, কষ্টে ধানের দাম না পেয়ে পাকা ধানখেতে আগুন দিচ্ছে, বিক্ষোভ করছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।