পিনাকি দাসগুপ্ত
আসন্ন ঈদুল ফিতরের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে আরেকটি ট্রেন পাচ্ছে উত্তরবঙ্গের যাত্রীরা। নতুন এ ট্রেনটি চালু হলে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ২৬ মে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ ট্রেনটি উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। তবে তিনি বলেছেন ট্রেনটির নাম এখনো নির্ধারণ হয়নি।
ট্রেনের আগাম টিকিট:রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত। তিনি বলেন, দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও বনানী, ঢাকা বিমান বন্দর, জয়দেবপুর, ফুলবাড়িয়া, মিরপুর পুলিশ কনভেনশন সেন্টার থেকে এবার আগাম টিকিট পাওয়া যাবে। ফলে কোনো টিকিটপ্রত্যাশীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য রাখা হবে দুটি।
বাসের আগাম টিকিট: বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ ঘোষ জানিয়েছেন, ১৭ মে শুক্রবার সকাল ৬টা থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পরিবহন মালিকরা ৩০ মে পর্যন্ত টিকিট বিক্রি করবেন। যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি চলবে।