ইত্তেফাক রিপোর্ট
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এবং যমুনা অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নিয়োজিত কর্মকর্তার প্রতিবেদন যাচাই বাছাই করে গতকাল মঙ্গলবার কমিশন এ মামলা দুটির অনুমোদন দিয়েছে।
দুদকের উপপরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে শিগগিরই সংশ্লিষ্ট থানায় মামলা দুটি করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, সাবেক এমপি শওকতের বিরুদ্ধে প্রায় সাড়ে ৯ কোটি টাকা এবং তার স্ত্রী মাহবুবার বিরুদ্ধে প্রায় সোয়া কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা হচ্ছে।