আদিবাসী উন্নয়নের গতি মন্থর
সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৫৮
বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর বহুজাতি ও বৈচিত্র্যময় একটি দেশ। শ্বাপদ সংকুল বন-বনানী ঘেরা বিভিন্ন জাতিসত্ত্বা ও ভাষাভাষীর মানুষ এই জেলায় বসবাস করে। তার মধ্যে আদিবাসী খাসি (খাসিয়া) জনগোষ্ঠী হাজার বছর পূর্বে এই দেশে বসতি গড়ে তুলে যার প্রকৃত উদাহরণ সিলেটের জৈন্তাপুর রাজ্য। খাসিয়ারা প্রাচীনকালে সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও জৈন্তাপুর এলাকায় বসতি স্থাপন করেছিল। বাংলাদেশে শুধু জৈন্তাপুরই মেগালিথ যুগ বা প্রস্তরযুগ হিসাবে এখনও ইতিহাসে স্বাক্ষর বহন করে। খাসিয়াদের সর্বশেষ সাম্রাজ্য “জৈন্তাপুর” ১৮৩৫ খ্রিষ্টাব্দে বৃটিশ কর্তৃক দখলের মাধ্যমে খাসিদের সাম্রাজ্যের অবসান ঘটে। তার ধ্বংসাবশেষ আজও খাসিদের গৌরব বহন করে। বতর্মানে মৌলভীবাজার জেলার ৮০ টি পুঞ্জি বা গ্রামে আদিবাসীদের জনসংখ্যা প্রায় পনের হাজার। জেলার আদিবাসীদের প্রাচীন ইতিহাসের কোন লিখিত নথিপত্র পাওয়া না গেলেও পৌরানিক কাহিনী, কিংবদন্তি ,গল্পকাহিনী, বংশ পরম্পরায় প্রাপ্ত তথ্য ও ব্যবহার্য দ্রব্য সামগ্রী দিয়েই তাদের ইতিহাস রচিত হয়েছে। এই জেলায় আদিবাসীদের মধ্যে জনসংখ্যার দিক থেকে খাসিয়ারাই প্রধান । মেঘালয়, আসাম ও সিলেটের ভূমিতেই তাদের আদি রাষ্ট্রসমূহের সূত্রপাত ঘটে।