ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী বাণিজ্যমন্ত্রী ইয়ান স্টেফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও সহযোগিতা ক্রমেই সম্প্র্রসারিত হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নতি, মেধাস্বত্ব অধিকার ও শ্রমিকদের বিষয়গুলো সমাধানের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হবে বলে বিশ্বাস করি। ‘ট্রেড উইন্ডস ইন্দো-প্যাসিফিক ফোরাম অ্যান্ড মিশন’-এ অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে ইয়ান স্টেফ ১১ থেকে ১৩ মে ঢাকা সফর করেন। ‘ট্রেড উইন্ডস’ বিষয়ক আয়োজনে যুক্তরাষ্ট্রের ১২টি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর ৪০টির বেশি ‘বিজনেস-টু-বিজনেস’ বৈঠক হয়। সহকারী বাণিজ্যমন্ত্রী ইয়ান স্টেফ বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সফরকালে ইয়ান স্টেফ বলেন, গত এক দশকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ হয়ে ৮শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তিনি অবশিষ্ট বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো অপসারণ এবং ব্যবসা প্রক্রিয়া আরো সহজ করার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ইয়ান স্টেফ গতকাল সোমবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বাণিজ্য সচিব মফিজুল ইসলামের সঙ্গে সাক্ষাত্ করে অর্থনৈতিক সম্পর্ক সম্প্র্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
গতকাল মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড উইন্ডস ইন্দো-প্যাসিফিক সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পাঠানো প্রথম বড় বাণিজ্য মিশন। বাংলাদেশ যে ন্যায্য ও পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে প্রস্তুত সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আস্থা এ মিশনে তাদের বড় সংখ্যায় অংশগ্রহণ থেকেই বোঝা যায়। গত ৬ মে ভারতের নয়াদিল্লিতে শুরু এবং ১৩ মে ঢাকায় শেষ হয় বাণিজ্য মিশনটি।