দুইদফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৩৮
ইঞ্জিনিয়ারের সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের বাদ দিয়ে অসম্মানজনকভাবে সুপারভাইজার আখ্যায়িত করে জারি করা প্রজ্ঞাপন বাতিলসহ দুই দফা দাবিতে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহ্বায়ক মো. জাকির হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে, ১৮ থেকে ২৫ আগস্ট দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে, ২২ আগস্ট সারাদেশে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন ও ২৯ আগস্ট বেলা ১১টায় প্রত্যেক পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র- শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ করা হবে। এছাড়া ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় আইইবির প্রধান কার্যালয়সহ সারাদেশে আইইবির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে।